ভারতের চেয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক বেশী শক্তিশালী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।

সোমবার বেলা ১২টায় শেরপুর জেলার নবনর্মিত সার্ভার স্টেশন ভবন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, জেলা রির্টানিং কর্মকর্তা মো. হায়দার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেকছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভারতে নির্বাচন কমিশনের প্রতি সকল রাজনৈতিক দলের আস্থা রয়েছে, মিডিয়ায় নির্বাচন কমিশনের ইমেজের কোন ক্ষতি হয় এমন কোন সংবাদ প্রকাশ করা হয় না।

তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশনের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট সরাসরি কাজ করে। কিন্তু বাংলাদেশে সে ধরনের অবস্থা এখনও তৈরী হয়নি।’

এর আগে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন এবং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা শহরের চক পাঠক এলাকায় ওই নবনির্মিত সার্ভার স্টেশনটি সম্প্রতি ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হয়।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর