বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের অবিলম্বে নি:শর্ত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণসহ টানা কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপির।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (১০ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই হুমকি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছাড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ থেকে অভিযোগ করে বলা হয়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে খাগড়াছড়ি জেলা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলেও হামলা, মামলা ও গণগ্রেফতার থেকে রেহাই পাচ্ছে না।
এ পর্যন্ত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারী মারমা, অনিমেষ দেওয়ান নন্দিত মংসুথোয়াই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ান প্রমুখ।
এমআর





