গাজীপুরে ওয়ালটনের শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে কালিয়াকৈর-নবীনগর সড়কে বাস চাপায় মো: রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত রানার বাড়ি টাঙ্গাইল জেলার বড়টিয়া এলাকায়। তিনি ওয়াল্টন নামক একটি কারখানার শ্রমিক বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় বাসটি রানাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়কের বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে ও ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু সময়ের জন্য সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

এমকে