দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
সরকারপ্রধান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সরকার দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মদিবস ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে প্রধানমন্ত্রী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি তাঁর জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
শেখ হাসিনা আশা করেন, এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরো অনুপ্রাণিত করবে। বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।
এম এ





