শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট কখনো চায়ন না যে, এ দেশের উন্নয়ন হোক, মানুষ সুখে শান্তিতে থাকুক। তাই তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছিল, সারাদেশে অরাজকতা সৃষ্টিসহ ধ্বংযজ্ঞ চালিয়েছিল।’
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন এবং এ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ও সময়োপযোগী পদক্ষেপের কারণে বিএনপি-জামাত অপশক্তির সব ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বাংলাদেশ ফের এগিয়ে যাচ্ছে, ইতিমধ্যে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।
আমু বলেন, জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও এ দেশের মানুষের সম্মান বৃদ্ধি করেছেন।
তিনি আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ এর উদ্ভাবকও হচ্ছেন শেখ হাসিনা। তারই জন্য দেশের মানুষ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মিজানুর রহমান ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বক্তৃতা করেন।
জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র আফজাল হোসেন রানা, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী খান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পেয়েছে। শিল্পমন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন।
এআই





