রাজধানীর কল্যাণপুরে পোড়া বস্তিতে আগুন লাগার ঘটনাটি ইচ্ছাকৃত বলে অভিযোগ করেছে বস্তিবাসিরা।

বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ আজ বলেন, সকাল পৌনে ১০টার দিকে কে বা কারা বস্তির আট নম্বর অংশে আগুন দেয়। পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন। ‘স্থানীয় বিক্ষুব্ধ জনতা বস্তিতে আগুন লাগিয়েছে বলে আমরা ধারণা করছি।

তবে জানা গেছে, পোড়া বস্তিতে সকালবেলা কোনও বিক্ষোভমুখর পরিস্থিতি ছিলো না। এমনকি ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগ পর্যন্ত বস্তির লোকেরাই আগুন নেভানোর চেষ্টা করছিলো।

সকাল ৯ টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ১১টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মাঝে পুড়ে যায় বেশ কিছু ঘর।

এই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বস্তিবাসীর কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

এতে কয়েকজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

এসএইচ