বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআইয়ের) অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করায় আগোরা সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট টিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগান ও সিদ্ধেশ্বরী এলাকায় বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযানটিতে আগোরা সুপার শপের সিদ্ধেশ্বরী শাখায় অবৈধ পণ্য বিক্রির প্রমাণ মেলে এবং জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. রিয়াজুল হক জরিমানা বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগোরা বিএসটিআইয়ের সার্টিফিকেশন অব মার্কস (সিএম) বা মান সংক্রান্ত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে বিদেশি কসমেটিকস ও গুড়ো দুধ আমদানি করে বিক্রয় ও বিতরণ করে আসছিলো। এসব পণ্য বিক্রির দায়ে বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ-১৯৫৯ এবং দ্য বাংলাদেশ পিউর ফুড (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৫ অনুযায়ী তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দায়ে সোমবার ধানমন্ডির আলমাস সুপারশপকে ১ লাখ টাকা জরিমানা করে বিএসটিআই।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই