একুশের পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আব্দুল মতিনের(৮৮) মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় তার ‍মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে জানানো হয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি...)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া বুধবার দুপুরে নিজ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ’র ভিসি প্রাণগোপাল দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

আব্দুল মজিদ বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবে। এরপর তার মরদেহ আনুষ্ঠানিকভাবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

এ সময় প্রাণগোপাল দত্ত বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে মতিনের মরদেহে শ্রদ্ধা নিবেদনের আয়োজন বিএসএমএমইউ কর্তৃপক্ষ করলেও এর সার্বিক সহযোগিতা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে গোলাম কুদ্দুছ এ আয়োজন সফলভাবেই সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

ভাষা মতিনের জানাজা সম্পর্কে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি জাতীয় কমিটি গঠন করা হবে। ঐ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

ইআর/কেএ/এমআর