বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কিশোরগঞ্জে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ পুলিশের লাঠিপেটা।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্থানীয় রথখলা ময়দানে জমায়েত হয়।
এ সময় জেলা শ্রমিক দল মিছিল নিয়ে কর্মসূচিস্থলে আসার সময় স্থানীয় নূর মসজিদের সামনে পুলিশ লাঠিপেটা করে এবং তিনজন নেতাকর্মীকে আটক করে বলে জানিয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. সালাউদ্দিন বাচ্চু।
আটক তিনজন হচ্ছেন জেলা শ্রমিক দলের আতাহার আলী, শ্রমিক দলনেতা খায়রুল ইসলাম ও খায়রুল মিয়া। এ ছাড়া লাঠিপেটায় কয়েকজন নেতাকর্মীও আহত হন বলে তিনি জানান।
পরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শুরু হওয়ার সময় পুলিশ বাধা দিলে মিছিল পণ্ড হয়ে যায়।
মিছিল করতে না পেরে রথখলা ময়দানে জেলা বিএনপির সহসভাপতি মো. আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি রুহুল আমিন আকিল, জালাল উদ্দিন, রুহুল হোসাইন ও শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. সালাউদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার কারামুক্তির দাবি জানান। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এএস





