সিরাজগঞ্জের বেলকুচিতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি খাদে পড়ে চিন্তা রানী সরকার (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিন্তা রানী বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মন্টু চন্দ্র সরকারের স্ত্রী। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বেলকুচি উপজেলার মৌপুর এলাকায় বর পক্ষের বৌভাত অনুষ্ঠান শেষে কনে পক্ষের লোকজন ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে কল্যাণপুর কবরস্থানের কাছে এলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চিন্তা রানী নিহত হয়। এ সময় আহত হন অন্তত ১০ জন।

বেলকুচি থানার অফিসার ইন চার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ