সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার জন্য যেখানে জনদুর্ভোগ হবে সেখানে এর ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর যারাই দায়ী তাদের কপালে দুর্ভোগ হবে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বারবার ঈদের আগে প্রস্তুতি নেওয়া ঠিক নয়। বছরের ৯ মাস নাকে তেল দিয়ে ঘুমাব আর তিন মাস আমরা সচেতন হব এটা হয় না। সারা বছরই রাস্তা মেরামতের কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, এবার রাস্তা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভাল। ফোর লেনগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। আমাদের সারা বছরই কাজ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বর গাজীপুর-টাঙ্গাইল ফোরলেন সড়কের কাজ শুরু হবে। এর মধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং কার্যাদেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী  বলেন, ভূমি অধিগ্রহণ ছাড়াও রাস্তার পাশে বসতবাড়ি আর মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা থাকায় নবীনগর-বাইপাইল-উত্তরা সড়কটি চারলেনে উন্নীত করা সম্ভব হচ্ছে না। সেজন্য ওই পথের ২২ কিলোমিটার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।

এসময় বিশিষ্ট কলামিষ্ট অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইআর