বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে কটুক্তি করার প্রতিবাদে বিএনপি কার্যালয়ের সামনে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ, নগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার কুশপুতুল দাহ করে।

এর আগে ও পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। ওই মিছিল থেকে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে শহরের দুই নং রেল গেট এলাকায় বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় তারা কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিএনপি কার্যালয়ের নিচের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ প্রতিবাদ সভায় বিএনপি কার্যালয়ে হামলার ব্যাপারে নেতারা বলেন, ‘আজকে নেতারা নির্দেশ দিলে পার্টি অফিসে জ্বালিয়ে দেয়া হতো।’

প্রতিবাদ সভায় বক্তব্য দেন- নারায়ণগঞ্জ নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, যুবলীগ নেতা রিপন ঘোষ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, ছাত্রলীগ নেতা রিয়াদ প্রমুখ।

জেআই