টাঙ্গাইলের ধনবাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মুরাদ হোসেন (৩০),জিতু মিয়া (২৫) নামে ভূয়া ম্যাজিস্ট্রেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৭টায় উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে ভূয়া ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন, একই জেলার মোকছেদপুর উপজেলার লৌখন্ডা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে জিতু মিয়া, ঝিনাইদহ সদর উপজেলার আদর্শ পাড়ার লোকমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম ও মাদারীপুর সদর উপজেলার ইয়াসিন মোড়লের ছেলে আলমগীর হোসেন। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
ধনবাড়ির সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা জানান, ভোক্তা অধিকার আইনে কথিত ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন একটি ভ্রাম্যমাণ আদালতের দল নিয়ে মধুপুর থেকে ধনবাড়ি পর্যন্ত কয়েকটি স্পটে বেকারির দোকান গুলোতে অভিযান চালিয়ে জরিমানা করতে থাকেন।
খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা ও পুলিশ সেখানে গিয়ে তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ৪জনকে আটক করে।
পরে রাত সাড়ে ৯টারয় ধনবাড়ির সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধনবাড়ির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





