বগুড়ার শেরপুরে হোটেল ও দইয়ের কারখানাসহ তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সরোয়ার জাহান এসব আদেশ দেন।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে- পৌরশহরের গোসাইপাড়ায় অবস্থিত মিঠু দই কারখানাকে ১০ হাজার টাকা, হাজিপুর এলাকার রাসেল পাইপ আইসক্রিম ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা এবং ধুনট মোড়ের আঁখিমনি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সরোয়ার জাহানের নেতৃত্বে বিকালে পৌরশহর, হাজিপুর ও ধুনট মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আকতার, বিএসটিআই’র ফিল্ড অফিসার শাহাদত হোসেন প্রমুখ।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ