করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে দেশে প্রতিদিনই শনাক্ত হচ্ছে অনেক মানুষ। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৫ জন করোনা থেকে সেরে উঠেছে। এ পর্যন্ত মোট চার হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৩১৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২০ হাজার ৯৯৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।‘

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান,  গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত চার হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং গত ২৪ ঘণ্টায় ৩৩টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘গতকাল সাপ্তাহিক ছুটির কারণে সব ল্যাবে পরীক্ষা করা যায়নি। তাই আমরা ঢাকার ভেতরে ২০টি ল্যাবের মধ্যে ১২টি ল্যাব এবং ঢাকায় বাইরে ২১টি ল্যাবে পরীক্ষার তথ্য পেয়েছি।’

ডা. নাসিমা আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ছয় হাজার ৫০১টি এবং পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৮২টি। এর মধ্যে পূর্বের কিছু নমুনা ছিল, তা পরীক্ষা করা হয়েছে।’

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে সবাই পুরুষ। এর মধ্যে রাজধানী ঢাকায় সাতজন, ঢাকা জেলায় দুজন, এ ছাড়া গাজীপুর, মুন্সীগঞ্জ ও নরসিংদীতে একজন করে তিনজন মারা গেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে দুজন এবং রংপুর বিভাগে দুজন মারা গেছেন।

ডা. নাসিমা জানান, মৃতদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন। 

গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রথম জানা যায়। এর পর থেকে দেশে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু সে তুলনায় সুস্থতার হার বেশ কম ছিল। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সুস্থতার বিষয়ে নতুন কিছু নির্দেশনা দেওয়ার পর থেকে দেশে সুস্থের হার বাড়তে থাকে। বর্তমানে দেশে মোট আক্রান্তের ১৯ দশমিক ৩ ভাগ করোনা থেকে সুস্থ হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট এক লাখ ৬৭ হাজার ২৯৪ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এমআর