নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুঘিয়া বাজারে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে নেত্রকোনা-আটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওয়াহেদ মিয়া (৫৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হন। তিনি আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিন (৩৬) নামে অপর একজনের মৃত্যু হয়। মোসলেম রূপচন্দ্রপুর গ্রামের আলী উসমানের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- আটপাড়া উপজেলার বিচরাকান্দা গ্রামের হবি মিয়া (৫০), আব্দুল জব্বারের ছেলে পল্টন মিয়া (৩০), সদর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৩) ও রূপচন্দ্রপুর গ্রামের সিদ্দিকের ছেলে আল আমিন।
নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, 'নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।'
এমবি





