বাংলাদেশে জঙ্গি দমনে ভারত সরকারের সাহায্য করার ঘোষণা এদেশের সার্বভৌমের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফেনি সমিতি ভবনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি বলেন, “সম্প্রতি বাংলাদেশে জঙ্গি দমন করতে ভারতের সাহায্য চাইলে দেশটি তাতে সাড়া দেবে বলে ঘোষণা করেছে। এটা যদি সরকার গ্রহণ করে তবে সেটা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমের ওপর চরম আঘাত হবে।”
“যেদিন সরকার ভারতের এই ডাকে সাড়া দেবে সেদিন আর এদেশের সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই আবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। পাশ্ববর্তী বন্ধুপ্রতীম দেশের কাছ থেকে আমরা এরকম স্বার্থপরায়ণ বক্তব্য আশা করি না।”
সরকারের সমালোচনা করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “বর্তমানে দেশের প্রতিটি মানুষ এই অবৈধ সরকারের জুমলুম-নির্যাতনের শিকার হয়ে শুধু গণতান্ত্রিক অধিকার হারাচ্ছে না, হারাচ্ছে মানবাধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার। এরকম অবস্থা একটি স্বাধীন দেশে চলতে পারেনা। সেময় ঘনিয়ে আসছে, অচিরেই এ অবস্থার পরিবর্তন হবে।”
“গণমানুষের সমর্থন ছাড়া কোনো স্বৈরশাসক টিকতে পারে না। সন্ত্রাস দমনের নামে সরকার নিরীহ মানুষকে গ্রেফতার করছে, ক্রসফায়ারের নামে সাধারণ মানুষকে হত্যা করছে। এরকম জুলুমের অবসান হবেই।”
যুবকদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “আগামীর নেতৃত্ব দেবে যুবকরা। জাতীয়তাবাদী শক্তিতে বলিয়ান হয়ে আগামী দিনের ছাত্র-যুবকরা এই জালিম সরকারকে উৎখাত করবে।”
ঢাকাস্থ বামনা-পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজক সংগঠনের সভাপতি বদিউজ্জমান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাধারণ সম্পাদক মো. তানিম আহসান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান।
বক্তব্য রাখেন- বরগুনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহিদুল মোর্শেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সগীর হোসেন লিওন, বরগুনা জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জমান খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়া, ঢাকাস্থ বামনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম, পাথরঘাটা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।
এমআইএস/ইআর





