নীলফামারীর ডোমার উপজেলায় আগুনে ছয় পরিবারের আসবাবপত্রসহ ১৫টি ঘর পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন একজন।
উপজেলার গোসাইগঞ্জ ঝাক্কুয়াপাড়া গ্রামে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের জানান, সকালে তার ইউনিয়নে রমজান আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে হরিবর রহমান, মোফাজ্জল হক, এসলাম, বাবলা, ইমু ও রমজান আলীর ১৫টি ঘর, টাকা, দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি, ধান, চাল ও আসবাবপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
আগুনে এসলামের স্ত্রী মোছা. রহিমা খাতুন (৪৫) দগ্ধ হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডোমার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ফসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





