মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শরীফ শিকদার (৩২) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক লাভলুকে (২১) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ব্যাটারি চালিত অটোরিকশা চালক শরীফ উপজেলার বোয়ালিয়া গ্রামের খইমুদ্দিনের ছেলে।

দুপুরে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, সকালে মিতরা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন শরীফ। এসময় সিংগাইরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই আরো জানান, এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক লাভলুও আহত হন। তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এমকে