সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুই জনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট র্যাব-৯ সদর দফতরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের জহির উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২) ও একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।
র্যাব অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৪ জুলাই বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে খায়রুল ও নজরুলকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ২৮৩ গ্রাম ওজনের ২৮টি শক্তিশালী ইলেক্ট্রিক ডেটোনেটর ও ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের ৩০ পিস পাওয়ার জেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের তথ্য অনুযায়ী বিস্ফোরকদ্রব্য ভারতের মেঘালয় রাজ্যে কয়লা খনিতে ব্যবহার হয়ে থাকে। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে আটককৃতদের হাত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব বিস্ফোরকদ্রব্য আগে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকদ্রব্যের সঙ্গে মিল রয়েছে। এসব বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে কোথায় ব্যবহারের উদ্দেশ্য ছিলো এবং এর সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখবে র্যাব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর উপ পরিচালক মেজর জামসেদ আহমেদ, অ্যাডিশনাল এসপি মো. মনিরুজ্জামান, সিনিয়র এএসপি মো. মাঈন উদ্দিনসহ র্যাব সদস্যরা।
এমবি





