চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৫টি পদে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

চট্টগ্রাম আইনজীবী সমিতি কর্তৃক মনোনীত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

এতে ১৯টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী মো. কফিল উদ্দিন চৌধুরী ১২৭৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রতন কুমার রায় পেয়েছেন ৯০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী এস এম জাহেদ বীরু ১২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মোহাম্মদ আবু হানিফ পেয়েছেন ৮১৬ ভোট।

এদিকে নির্বাহী সদস্য পদের ১০টির মধ্যে ৫টিতে ঐক্য পরিষদ ও ৫টিতে সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশনার আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। সকলেই ফলাফল মেনে নিয়েছে। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।’

এর আগে বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৫টায় শুরু হয় ভোট গণনা, তা শেষ হয় রাত সাড়ে ১২টায়।

এবারের নির্বাচনে ভোটার ছিল ৩ হাজার ৪০৬ জন। সমিতির ১৯টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার নির্বাচনে ভোট পড়েছে মোট ২ হাজার ৮২৮টি।

এমকে