গাইবান্ধার পলাশবাড়ীতে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার বরিশাল ইউনিয়নের উত্তর সাবদিন গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার সকালে উপজেলার ড্রিমল্যান্ড পার্ক এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রী পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার রায় বলেন, বুধবার সকাল পৌনে সাতটার দিকে বাড়ি থেকে সহপাঠীর সঙ্গে কোচিং করার জন্য উপজেলা সদরের প্রফেসর পাড়ায় যাচ্ছিল সে।

পথে রংপুর-ঢাকা মহাসড়কে ড্রীমল্যান্ড এলাকায় উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক মিয়া (২৫) তার লোকজনের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকালে উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। এতে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ