নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বিরূদ্ধে আ’লীগ দলীয় প্রার্থী ও তার কর্মী সমর্থকদের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন দেয়া হয়েছে ৭২ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মল্লিককে। তিনি দলের দীর্ঘ দিনের পরীক্ষিত সৈনিক। এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

স্থানীয় আ’লীগ নেতা কর্মীরা অভিযোগ করেন, ফিরোজ মল্লিককে মনোনয়ন দেয়ার পর আ’লীগের মনোনয়ন বঞ্চিত মানিরুল ইসলাম তার বিরূদ্ধে উঠে পড়ে লেগেছে। একটি কুচক্রী মহলের ইশারায় মানিরুল স্বতন্ত্র প্রার্থী হয়ে তাকে ও তার কর্মী সমর্থকদের হুমকি দিয়ে চলেছেন। ঠিকমতো কাজ করতে দিচ্ছেন না। মানিরুল এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। তার নামে যুবলীগ নেতা এনামুল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছেন মানিরুল। এব্যাপারে মানিরুল ইসলামের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

এমআইএস