পুনর্গঠিত ১৯ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ককে। ডিজিএফআইয়ের মহাপরিচালককে করা হয়েছে সদস্য-সচিব।
নতুন কমিটি পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি এসব কার্যক্রমের বাস্তবায়ন ও আয়-ব্যয়ের বিষয় তদারকি করবে।
এ ছাড়া ওই অঞ্চলে নিয়োজিত নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যপরিধি এবং কর্মক্ষেত্র নির্ধারণেও সমন্বয়কের ভূমিকা পালন করবে কমিটি।
পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য জাতীয় কর্মকৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও কমিটির অন্যতম দায়িত্ব।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে।
কমিটির দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগকে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।
এস
