বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম মঞ্জুর হোসেন মিলনের বাড়িতে ছাত্রলীগের হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় চেয়ারম্যানের স্ত্রীসহ অন্তত ১০ নারী আহত হয়েছেন।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সম্পাদক লুৎফর রহমান দীপের নেতৃত্বে এই হামলা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করছেন এই ছাত্রলীগ নেতা।
মাহিলাড়া ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম মঞ্জুর হোসেন মিলনের বাড়িতে হামলা ও ভাংচুর করে। এসময় তার ব্যানার ও পোস্টারে অগ্নিসংযোগ করে তারা। হামলায় মিলনের স্ত্রী খালেদা বেগমসহ দশজন নারী আহত হয়েছেন।
এসব অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপ বলেন, তাদের মিছিল ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি প্রার্থীর সমর্থকরা হামলা করে চারটি মোটরসাইকেল ভাংচুর ও কর্মীদের আহত করে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা বাড়ি ভাংচুর করে ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।
এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসটি





