‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী ট্রেন চলাচল শুরু হলো।

এর আগে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (০৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে সেতুতে ওঠার আগে টাঙ্গাইল প্রান্তের ভুয়াপুর উপজেলায় ট্রেনটির ‘ছ’বগির দু’টি চাকা লাইনচ্যুত হয় এবং বিকেল সাড়ে চারটার দিকে সেটি উদ্ধার করে ঢাকা থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেন।

আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। সড়ক, রেল ও নদীপথে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। যাত্রীদের চাপে ইতোমধ্যেই ট্রেনের সিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। দেরিতে ছাড়ছে বেশিরভাগ ট্রেন। এরইমধ্যে এই দুর্ঘটনা সেই দুর্ভোগের চিত্র আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।  

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার প্রায় এক কিলোমিটার আগে ট্রেনের ‘ছ’কোচের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সেতু রক্ষণাবেক্ষনকারী কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে জানায়।  

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি