দূরপাল্লার গাড়িতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় নোয়াখালীতে দুই পরিবহন কাউন্টারকে জরিমানা করেছে বিআরটিএ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সময়ে অন্য কাউন্টার গুলোকে সর্তক করে দেওয়া হয়েছে।
এদিকে জরিমানা আদায়ের প্রতিবাদে পরিবহন চলাচল বন্ধ রাখে। ফলে কাউন্টারে এসে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। পরে প্রশাসন ও মালিকপক্ষের দুই ঘন্টা বৈঠকের পর আবার পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার দুপুরে জেলা শহর মাইজদী নতুন বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-নোয়াখালীর রুটে একুশে পরিবহন এবং নোয়াখালী-চট্টগ্রামের রুটে চলাচলকারী রেসালাহ্ সার্ভিস নামে দুইটি পরিবহন কাউন্টারকে ৫০ হাজার ও সাড়ে ৭ হাজার টাকা করে এ জরিমানা করা হয়। বিআরটিএ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিআরটিএ’এর বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা শহর মাইজদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-নোয়াখালী রুটের একুশে পরিবহন যাত্রীদের কাছ থেকে ৩’শ টাকার স্থলে ৫’শ এবং চট্টগ্রাম-নোয়াখালী রুটের রেসালাহ্ পরিবহন ২’শ টাকার স্থলে ৩’শ টাকা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে একুশে পরিবহনকে ৫০’হাজার এবং রেসালাহ্ পরিবহনকে সাড়ে ৭’হাজার টাকা জরিমানা করা হয়।
নোয়াখালী জেলা বিআরটিএ পরিদর্শক সালেহ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
কেএইচ





