কুষ্টিয়া জেলা ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে কারচুপির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় লাঠি নিয়ে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে আওয়ামী লীগ দলীয় শ্রমিকরা অবরোধকারীদের উপর হামলা চালিয়ে তাদের হটিয়ে দেয়।
এর আগে সকালে জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে জাল ভোট দেওয়া শুরু হয়।
এছাড়া ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে সিল মেরে নেওয়ারও অভিযোগও করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
কুষ্টিয়া মডেল থানার এসআই নওশের জানান, পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। হামলার ব্যাপারে তিনি বলেন, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
জেডআই





