দিনাজপুরে বিরামপুরে বুধবার ভোর সাড়ে ৫টায় একটি কয়লার ট্রাকে আগুন দেওয়ার সময় জনতা ধাওয়া করে এক দুর্বৃত্তকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। এসময় আরও ৩ দুর্বৃত্ত পালিয়ে গেছে।
জানা গেছে, পার্বতীপুর খনি থেকে কয়লা নিয়ে একটি ট্রাক (ঢাকা মোট্রোঃ-ট-১৪-৮৯০৮) বিরামপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে অন্যান্য ট্রাকের সাথে রাতে অবস্থান করে। ভোর সাড়ে ৫টায় ঐ ট্রাকের বাম চাকায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে ট্রাক ড্রাইভার আঃ কাদের দ্রুত নেমে এসে চিৎকার দিলে অন্যান্য ট্রাকের লোকজন এসে কেউ আগুন নেভাতে থাকেন এবং কয়েকজন অগ্নি সংযোগকারীদের ধাওয়া করেন।
এসময় আল ইমরান (২২) নামে এক দুর্বৃত্তকে আটক করেন এবং ৩ জন পালিয়ে যায়। আটক ইমরান বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের ফয়জার রহমানের পুত্র। তার দেওয়া তথ্য মতে পুলিশ ইমরানের আশ্রয়দাতা শহরের শান্তিনগর এলাকার মনোয়ার মেকারকে আটক করেছে।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের জোর প্রচেষ্টা চলছে।
এসএইচ





