বরিশালের হিজলায় ইটের আঘাতে রিয়াজ শরীফ (৩৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীপুর গ্রামে তালুকদার ব্রিকস ফিল্ডে (টিবিসি) এই ঘটনা ঘটে।
নিহত রিয়াজ জেলার বাকেরগঞ্জ উপজেলার মোজাম্মেল শরীফের ছেলে। তিনি তার শ্বশুর বাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া এলাকায় বসবাস করতেন। রিয়াজ তালুকদার ব্রিকস ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রিয়াজ তালুকদার ব্রিকস ফিল্ডে ইট মাথায় নিয়ে ইঞ্জিনচালিত ট্রলিতে তুলছিলেন। এ সময় ভাটার ওপর থেকে এক শ্রমিক ইট ছুড়ে দিচ্ছিল তার কাছে। সে সময় তার মাথায় ইটের আঘাত লাগে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর তার বমি শুরু হলে স্বজনরা তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করেন। রিয়াজের মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি। এরপরও তার কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এমবি





