ব‌রিশা‌লের হিজলা উপ‌জেলায় মেঘনা নদী‌তে দুই স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে রা‌জিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দুই স্পিডবো‌টের চালকসহ আরো তিনজন আহত হ‌য়ে‌ছেন। তাঁদের উদ্ধার ক‌রে হিজলা উপজেলা স্বাস্থ্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে‌ছে স্থানীয়রা।

উপজেলার মেমানীয়া এলাকা সংলগ্ন মেঘনা নদী‌তে গতকাল সোমবার রাত সোয়া ৮টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

মেমানীয়া ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম্যান না‌সির উদ্দিন হাওলাদার জানান, রা‌জিয়া মেমানীয়া ইউনিয়নের ভা‌রৈয়া গ্রা‌মের বেল্লাল রা‌ঢ়ির মে‌য়ে। ক‌য়েক‌দিন ধরে সে চরকুশু‌রিয়া গ্রা‌মে তার মামা আবদুল্লাহর বাড়িতে ছিল।

হিজলার গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, গত শ‌নিবার চি‌কিৎসার জন্য ব‌রিশালে যান আবদুল্লাহ। তাঁর সঙ্গে রা‌জিয়াও গি‌য়ে‌ছিল। পরে চরকুশু‌রিয়ায় ফেরার জন্য মামা- ভা‌গনি গতকাল রাত ৮টার দি‌কে হিজলার পুরান লঞ্চঘাট থে‌কে গৌরবদী রু‌টের স্পিড‌বো‌টে ওঠে। এ সময় বো‌টে চালকসহ তিনজন ছিলেন। পরে রাত ‌সোয়া ৮টার দি‌কে স্পিডবোটটি মেমানীয়ার মেঘনা মোহনায় পৌঁছালে বিপরীত দিক থে‌কে আসা আরেক‌টি স্পিড‌বোটের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। অন্য স্পিড‌বো‌টটিতে চালকসহ ছয়জন ছিলেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, সংঘর্ষের ঘটনায় স্পিড‌বো‌টের ব‌ডি ভেঙে রা‌জিয়ার পে‌টে ঢুকে যায়। এতে ক্ষত‌বিক্ষত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মৃত্যু হয় তার। ত‌বে শিশুর মামা আবদুল্লাহ অক্ষত আছেন। দুই স্পিড‌বো‌টের চালকসহ আহত তিনজন‌কে হিজলা উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

এমআর