উত্তাল হয়ে উঠেছে চাঁদপুরের মেঘনা ডাকতিয়া নদীর মিলনস্থল বড় স্টেশন মোলহেড এলাকা। প্রচণ্ড ঘূর্ণণ স্রোতের কারণে বন্ধ করে দেয়া হয়েছে বড় স্টেশন থেকে ইচলী রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
বিআইডাব্লিউটি’র উপ পরিচালক চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মোবারক হোসেন জানান, বড় স্টেশন মোলহেডে স্বাভাবিকের চেয়ে পানি বেশি বৃদ্ধি পাওয়া এবং সেখানে প্রচণ্ড ঘুর্ণণ স্রোত সৃষ্টি হওয়ায় কারণে লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। তাই যাত্রীদের যানমাল রক্ষার্থে ডাকাতিয়া নদীর ইচলী লঞ্চ ঘাট থেকে আজ থেকে কোনো প্রকার লঞ্চ ছেড়ে যাবে না। সেই সাথে ঢাকা ও চাঁদপুর ঘাট থেকে কোনো লঞ্চ ইচলী ঘাটে যাবে না।
মোলহেড এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় গত মাসের শেষ দিকে চাঁদপুর বড় স্টেশন লঞ্চঘাট ডাকাতিয়া নদী থেকে স্থানান্তর করা হয় মাদরাসা রোডের মেঘনা নদীর বিকল্প লঞ্চ ঘাটে।
উল্লেখ্য, গত দুই দশকে এই মোলহেড এলাকায় কয়েকটি লঞ্চ ডুবির ঘটনায় সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এ জন্যে প্রতি বছর বর্ষা মৌসুমে চাঁদপুর লঞ্চঘাটটি স্থানান্তর করা হয় মাদরসা রোডের বিকল্প লঞ্চঘাটে।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





