মহাসড়কের পাশে থ্রি হুইলারের জন্য আরেকটি বিকল্প রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে দুর্ঘটনা হলেই বাস-ট্রাকসহ বড় গাড়ির চালকরা বেঁচে গেলেও থ্রি হুইলারের চালক বাঁচতে পারেনা। তাদের রক্ষা করাও আমার দায়িত্ব। আগে জীবন রক্ষা করতে হবে, তারপর জীবিকার বিষয়টি পর্যায়ক্রমে দেখবো।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

থ্রি হুইলার বন্ধ হওয়াতে মহাসড়কে দুর্ঘটনার কমেছে উল্লেখ করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার গরিবের পেটে লাথি মারতে চায় না, তাদের রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু আগে জীবন, পরে জীবিকা।

তিনি আরো বলেন, শুধুমাত্র থ্রি হুইলার বন্ধ করলেই মহাসড়কে দুর্ঘটনা কমবেনা। এ জন্য লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়িই দায়ী। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মেট্রোরেল ও ফোর লেনসহ অনেক প্রকল্প হচ্ছে। কখনোই এসবের সুফল জনগণ পাবেনা, যতক্ষণ না আমরা সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, অতিরিক্ত প্রকল্প প্রকৌশলী (কুমিল্লা) জুনায়েদ আহসান শিবিব, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল প্রমুখ।

ইআর