প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) কয়েক ঘণ্টার সফরে সিলেট আসছেন। সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে বরণে প্রস্তুত সিলেট। সম্পন্ন হয়েছে সব আয়োজন। এবার শুধু তার আগমনের অপেক্ষা।
দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সিলেটে পৌঁছার পর প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন।
এরপর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গত কয়েকদিন ধরে সিলেটজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। পুরো সিলেট নগরী সেজেছে নতুনরূপে। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর শত শত তোরণে ছেয়ে গেছে নগরী।
প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানস্থল, মদন মোহন কলেজ ক্যাম্পাসকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। এ ছাড়া সিলেট সার্কিট হাউসেও আলোকসজ্জা করা হয়েছে। জনসভাস্থল আলীয়া মাদরাসা মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।
সব আয়োজন শেষে এখন প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সিলেটবাসী। তিনি আসবেন, উন্নয়ন কাজের উদ্বোধন করবেন এবং সিলেটের উন্নতির জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে যাবেন, এমনটাই মনে করছেন সিলেটবাসী।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য পুরো আয়োজন সম্পন্ন। তাকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত।’
যেসব উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : শাবির এমএ ওয়াজেদ মিয়া আইসিইটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন, সিলেট এপিবিএন ব্যারাক ও ওসমানী থানা ভবন, খাদিমপাড়া হাসপাতাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ১০০ শয্যা বিশিষ্ট শহীদ সামসুদ্দীন শিশু হাসপাতাল ও কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবন।
যেসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন : সিলেট আউটার স্টেডিয়াম, নারী পুলিশ ডরমেটরি ভবনের উর্ধ্বমুখী কাজের সম্প্রসারণ, শাহপরান থানা ভবন, সিলেট জেলা ও বিভাগীয় এনএসআই কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়, তামাবিল স্থলবন্দর, সিলেট ইলেকট্রনিক সিটিসহ কয়েকটি রাস্তার কাজ।
এমকে





