পাবনার সাঁথিয়ায় ছোট বোনের জন্মদিনের উৎসবে বিষাক্ত 'মদপান' করে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত যুবকরা হলেন- বনগ্রাম সাহাপাড়ার নন্দদুলালের ছেলে শুভ কুমার সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ কুমার সাহা (২১)। তারা দুইজন বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বনগ্রামের সুবাস সাহার ছোট মেয়ে ও আকাশের বোনের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান শেষে রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু বাড়ির অন্য একটি রুমে ঘুমাতে যান। এক পর্যায়ে সেখানে রাতে দুইজনই মদ পান করলে পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ ও ঢাকার স্ট্যামফোর্ড কলেজের ৩য় বর্ষের ছাত্র শুভ ও তার বন্ধু অসুস্থ আকাশ অসুস্থ হয়ে পড়েন। রাতেই শুভকে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনা জানার পর বিস্তারিত জানাবো।

পাবনা সদর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুম থেকে মদ খাওয়ার বিভিন্ন আলামত পেয়েছে।
আমরা অধিক গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছি এই মদের উৎস কোথায়, কারা এ সবের সাথে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এমবি