ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের আট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আরো বলা হয়েছে, আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এমআর





