রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর স্পিকার শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

এ ছাড়া সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি।

এর আগে শুক্রবার দুপুরে চিকিৎসা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে তিনি ব্যাংকক সফরে যান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আরও পরে দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরে আসেন।

এস