‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে ‘হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির’ উদ্বোধন করতে আজ বুধবার কুড়িগ্রামের চিলমারীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সাড়ে ১০টায় চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র পরিবারের মাঝে নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ কর্মসূচির আওতায় সারা দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন তারা। পল্লী রেশনিং কার্ডধারীদের প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই পাঁচ মাস দেওয়া হবে এ খাদ্য সহায়তা। হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

চিলমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো আগমন সফল করতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা ও স্থানীয় আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য সচিব এ এম বদরুদ্দোজা প্রমুখ। কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় পাঁচ মাসব্যাপী এই চাল পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলাবাসীর দাবি: কুড়িগ্রাম জেলার উন্নয়নে নদ-নদীর ভাঙন রোধ, ড্রেজিং-এর মাধ্যমে নদ-নদীর নাব্যতা বৃদ্ধি, কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু, কুড়িগ্রামে শিল্পাঞ্চল, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল বাস্তবায়ন, আন্তর্জাতিক মানের চিলমারী নৌবন্দর চালু ইত্যাদি।

এমএনজে