অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর। চন্দরপুর-সুনামপুর সেতুর আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাধ্যমে কুশিয়ারা নদীর দুই তীরের জনপদের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরী হচ্ছে।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওইদিন সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উদ্বোধন অনুষ্ঠান হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে যোগাযোগের দ্বার উন্মোচন হচ্ছে দুই উপজেলার মানুষের। 

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন কুশিয়ারা নদীর ওপর নির্মিত চন্দরপুর-সুনামপুর সেতু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও সুরমা নদীর ওপর নির্মিত কাজিরবাজার সেতু এদিন উদ্বোধন হওয়ার কথা থাকলেও এখনই এই সেতুর উদ্বোধন হচ্ছে না। পরবর্তীতে  কাজিরবাজার সেতুর উদ্বোধন হবে।

সিলেট সড়ক ও জনপথ সূত্র জানায়- ২০০০ সালের ১৯ জুন চন্দরপুর-সুনামপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ (বর্তমান শিক্ষামন্ত্রী) । ২০০৪ সালে  তৎকালীন সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আবারও ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজে হাত দেন, চলে বেশ ক’দিন। সেতুর খুঁটি, গার্ডারসহ সিকিভাগ কাজের পর আবার বন্ধ হয়ে যায়। আবার সরকারেরও পরিবর্তন ঘটে।
 
২০১৩ সালে ২৭ সেপ্টেম্বরে বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ দুই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে সেতুর অসমাপ্ত কাজে হাত দেন। দ্রুতগতিতে কাজ চলায় প্রায় দু’বছরে ৩১ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। অবশেষে দীর্ঘ প্রতিক্ষিত সিলেটের কুশিয়ারা ওপর নবনির্মিত সেতুর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

চন্দরপুর সেতুতে এরইমধ্যে পরীক্ষামূলক যান চলাচল শুরু হয়েছে-জানিয়েছেন সংশ্লিষ্টরা।  একই দিনে সুনামগঞ্জ জেলায় সুরমার ওপর নির্মিত ‘সুরমা সেতু’র উদ্বোধনের মাধ্যমে স্বপ্ন পূরণ হবে ভাটিবাংলার মানুষের। সুরমা নদীর ওপর নির্মিত ‘সুরমা সেতু’ যানচলাচলের জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত রয়েছে। এদিন একই সময়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সেতুটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সেতু দু’টির উদ্বোধনী ভিডিও কনফারেন্সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মন্নান, জ্যেষ্ঠ সংসদ সদস্য, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত গণভবনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি চিঠি তার কার্যালয়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উল্লেখিত প্রকল্পগুলো উদ্বোধনে অনুমতি দিয়েছেন।’

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  চন্দন কুমার সাহা বলেন, ‘সিলেট বিভাগের তিনটি সেতু উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে এই মুহুর্তে চন্দরপুর ও সুনামগঞ্জের সুরমা সেতু দু’টির উদ্বোধন হবে। এ’দুই প্রকল্প ছাড়াও একই সময় কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের আরও চারটি সেতু উদ্বোধন করবেন।’

জেআই