ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দরে অবতরণ করে।
এসময় শেখ হাসিনাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী নুরবায়া বাকের, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত শেনতা আতমাদজাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
বিমানবন্দর অবতরণ করলে শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। পাশাপাশি বিমানবন্দরের সড়কের দু’পাশে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে শেখ হাসিনাকে স্বাগত জানায় তরুণীরা।
সুকর্নো-হাত্তায় উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর প্রধানমন্ত্রী জাকার্তার হোটেল বরোবুদুরে উঠছেন। তিন দিনের সফরে এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
২২, ২৩ ও ২৪ এপ্রিল অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও শান্তি, নিরাপত্তা ও অংশগ্রহণমূলক টেকসই উন্নয়নের পক্ষে কথা বলবেন। সোচ্চার হবেন জলবায়ু পরিবর্তন ইস্যুতেও।
তবে, ২২ এপ্রিলের কর্মব্যস্ততার আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল বরোবুদুরেই প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন ও তার পত্নীর দেওয়া অভ্যর্থনা নৈশভোজে অংশ নেবেন।
এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি জার্কাতার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটে চেপে বসার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা।
জেআই





