গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারইল গ্রামে দু'পক্ষের সংঘর্ষে মজিবর আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০ টার দিকে ওয়াকফকৃত জমির ধানকাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে প্রায় ৭ বিঘা পীরত্তোর ওয়াকফকৃত জমির দখল ও ধানকাটা নিয়ে একই গ্রামের প্রভাবশালী আজগার আলী ও হযরতের সঙ্গে আমীর মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছিল।
বুধবার সকালে আজগার আলী ও হযরত আলী ৫০/৬০ জন ভাড়া করা লোক নিয়ে ওই জমির ধান কাটতে গেলে আমীর আলী ও তার লোকজন তাতে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ওই গ্রামের মাজেদ উল্লার ছেলে মজিবর আলী (৪০) নামের একজন ঘটনাস্থলেই মারা যায়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৯জনকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএইচ





