যশোরের মণিরামপুর নিজ পিস্তলের গুলিতে আলী আকবর নামে পুলিশের এক সহকারী উপ পরিদর্শক (এএসআই) আত্মহত্যা করেছেন।
শনিবার ভোর ৫টার দিকে মণিরামপুর থানার ছাদের উপর এ ঘটনা ঘটে। আকবর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা।
মণিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, ভোরে এএসআই আলী আকবর থানার ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় এক রাউন্ড গুলি করে। গুলির শব্দ শুনে ছাদের উপর থেকে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আলী আকবরের দুই স্ত্রী। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহকে কেন্দ্র করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
তবে থানার একাধিক সূত্রে জানা যায়, আলী আকবরের স্ত্রীর সঙ্গে অন্য পুলিশ কর্মকর্তার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি মেনে না নিতে পেরে তিনি আত্মহত্যার করেছেন।
কেএইচ





