‘নারীকে রান্নার কাজে বন্দী রেখে গণতন্ত্র কায়েম হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়াজিত ‘পুনরুৎপাদন মূলক ভূমিকা ও নারী’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।
রোকেয়া কবির বলেন, ‘গৃহস্থালির কাজ ও প্রজননসংক্রান্ত দায়িত্বের কারণে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনেতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। গৃহস্থালি কাজ অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখলেও শ্রমবাজার বা জাতীয় আয়ে তা ধরা হয় না ‘
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গরীব মানুষের জন্য কাজের ব্যবস্থা করে তাদেরকে মধ্যবিত্তের কাতারে এনে দেশকে মধ্যম আয়ের দেশ বানাতে চান। কিন্তু নারীরকাজের স্বীকৃতি দেওয়া ছাড়া প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়ন সম্ভব হবে না।’
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি ও জাতীয় সংসদ সদস্য সানজিদা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ড. মাহবুবা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুল হক খন্দকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুন নাহার।
মুক্ত আলোচনায় অংশ নেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম কিবরিয়া, আফরোজা হক, ড. হান্নানা বেগম, লেখিকা মমতাজ লতিফ, বনশ্রী মিত্র, আনোয়ারুজ্জামান রতন প্রমুখ।
‘অর্থনীতিতে নারীর অস্বীকৃত অবদান ও নারীর ক্ষমতায়নে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের প্রভাব’ এর উপর নারী প্রগতি সংঘের গবেষণার ভিত্তিতে অবস্থানপত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমূখ।
এমএ





