ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশী তরুণীকে দুই বছর পর ফেরত দিল ভারতীয় পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮টায় ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরতকৃতরা হলেন যশোরের ইছাহারা বেগমের মেয়ে রুমি পারভিন (২২), নাড়াইলের আবু হাসানের মেয়ে জুলি (২১)ও আবু তালেবের মেয়ে মরিয়ম (২৩), রংপুরে আহম্মেদ মন্ডলের মেয়ে হামিদা খাতুন (২৫) এবং কক্সবাজারের সুলতানা আহম্মেদর মেয়ে আন্জুয়ারা খাতুন(২৩)।

পুলিশ ও এনজিও সূত্রে জানায়, ভালো কাজের কথা বলে দালালরা তাদের সীমান্ত পথ দিয়ে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে এবং জেলে পাঠায়। সেখান থেকে শেল্টার হোম নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে।

পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত এসেছে। ইমিগ্রেশন পুলিশ কাগজপত্রের অানুষ্ঠিকতা শেষে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এস আই) সুজিত জানান, ফেরত আসা তরুণীদের পরিবারকে পাওয়া গেলে তাদের হাতে তুলে দেওয়া হবে। পরিবার না আসা পর্যন্ত তাদের এনজিও সংস্থার হেফাজতে রাখা হবে বলে তিনি জানান।

শেখ নাছির/জেড