মোফাজ্জল হোসেন চুন্নু (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্র ও মদসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি এলাকা থেকে মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মোফাজ্জল হোসেন চুন্নু পাগলা নয়ামাটি এলাকার মৃত তালেব হোসেনের ছেলে।
র্যাব জানায়, চুন্নু শেখ রাসেল স্মৃতি পরিষদের ফতুল্লা থানা কমিটির সভাপতি।
র্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেশন কোম্পানির অধিনায়ক সহকারী পুলিশ পরিদর্শক (এএসপি) মো: মাসুদ আনোয়ার মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এএসপি জানান, মোফাজ্জল হোসেন চুন্নু একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় তিনি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। যাদের দিয়ে ভূমি দখল ও মাদক বিক্রি করাতেন। তার অত্যাচারে পাগলা নয়ামাটি এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন।
সকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দুই বোতল বিদেশী মদ ও তিন ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এমকে





