গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল এডিপি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
কাজ না করেই পৃথক ৩টি প্রকল্পে প্রকল্প চেয়ারম্যানরা বরাদ্দকৃত টাকা উত্তোলনের জন্য উপজেলা প্রকৌশলী এলজিইডির বরাবরে বিল ভাউচার দাখিল করেছে।
বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল এডিপি প্রকল্প বাস্তবায়নের জন্য গত ২৯ ফেব্রুয়ারি উপজেলা সমন্বয় কমিটির সভায় কিশোরগাড়ী ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে রিং-স্লাব সরবরাহ করার প্রকল্পে ২লক্ষ টাকা, পূর্ব ফরিদপুর দক্ষিণপাড়া আমজাদের পুকুর পাড়ে প্যালাসাইডিং নির্মাণে দেড়লক্ষ টাকা ও একই ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ সরবরাহের জন্য ২ লক্ষ টাকা, ৩টি প্রকল্পের অনুকুলে মোট সাড়ে ৫লক্ষ টাকা বরাদ্দ অনুসারে প্রকল্প কমিটি অনুমোদন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ১২৫জন হতদরিদ্রের মধ্যে রিং-স্লাব সরবরাহ করণে যে তালিকা করা হয়েছে বাস্তবে তার সঙ্গে কোন মিল নেই। একই অবস্থা ১৮টি নলকূপ বিতরণ ও স্থাপনের ক্ষেত্রে এবং একই অবস্থা প্যালাসাইডিং নির্মাণ কাজে।
এ ব্যাপারে প্রকল্পচেয়ারম্যানের সঙ্গে কথা বললে তারা জানান, এগুলো উপজেলা চেয়ারম্যানের প্রকল্প। আমরা শুধু কাগজে-কলমে প্রকল্প চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান কোহিনুর আক্তার শিফনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন জানান, লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআইএস





