পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ থাকবে। রোববার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ রোববার (১৫ মার্চ) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনারে শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভারত বাংলাদেশের যাত্রীদের সে দেশে প্রবেশ বন্ধ করেছে। আমরাও সে অনুয়ায়ী ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি।

ইতালি থেকে ফেরত আসা বাংলাদেশি যেসব নাগরিক আশকোনার হজক্যাম্পে উগ্র আচরণ করেছেন তাদের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে তাদের (ইতালি ফেরত) সেখানে রাখা হয়েছে। সরকারের সাধ্যমতো তাদের সুযোগ সুবিধা দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোয়ারেন্টিনে তাদের (ইতালিফেরত) সবাইকে একসঙ্গে থাকার ব্যবস্থা করা হয়। সরকারের পক্ষ থেকে আরও উঁচুমানের জায়গায় রাখা সম্ভব হয়নি। সেখানে কমন টয়লেট ব্যবহার করার ব্যবস্থা আছে। তাদের খাবার দেয়া হয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশেনের মোটেল থেকে। কেউ কেউ হয়তো আশা করতে পারেন ফাইভস্টার হোটেলের খাবার। এটা সম্ভব হয়নি। যেকারণে সেখানে অস্থিরতা তৈরি হয়েছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার রাত ১২টা এক মিনিট থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশে বিমান চলাচল দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। যেসব দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল নিষিদ্ধ করেছে, তাদের সঙ্গেও বিমান চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া অন-অ্যারাইভেল ভিসা দেয়া বন্ধ রাখবে সরকার।

সেমিনারে বক্তব্য আরও বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম, বিস মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারী প্রমুখ।

এএস