মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গৃহবধুকে হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তিন জন হলেন গৃহবধুর শশুড় ওসমান আলী (৬৫), শাশুড়ী হাছনা বেগম (৪০) ও ননদ রিমা আক্তার (১৭)। তবে তার স্বামী আনছার আহমেদ পলাতক রয়েছেন।

রোববার গাজিপুর বস্তির আনছার আহমদের তালাবদ্ধ বসত ঘর থেকে তার স্ত্রী আজিরুন বেগমের (৩২) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছিল পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত প্রায় চার মাস আগে স্বামীর সঙ্গে আজিরুন বেগমের পারিবারিক বিষয়ে ঝগড়া হলে তিনি দু’ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে বিষয়টি মীমাংসার আশ্বাস পেলে তিনি গত ৩১ মার্চ স্বামীর বাড়িতে ফিরে যান।

গত ১ এপ্রিল রাতের বেলা তার স্বামীসহ অন্য বিবাদীদের পরামর্শে ও সহযোগিতায় আজিরুনকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে রাখে। পরে আজিরুনের ভাই আব্দুল হকসহ অন্য ভাইয়েরা গত ০৩ এপ্রিল বোনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার স্বামীর বাড়িতে গেলে একেক জন একেক ধরনের কথা বলেন।

রোববার সকালে আজিরুনের স্বামীর বাড়িতে গলিত লাশের গন্ধ পেয়ে তারা কুলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনা অবহিত করলে তিনি কুলাউড়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাশুড়ী হাছনা বেগমের স্বীকারোক্তিনুযায়ী তালাবদ্ধ ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় আজিরুনের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আজিরুনের ভাই আব্দুল হক বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেডআই