প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে এক গার্মেন্টকর্মীর (৩০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, “কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ফেরত ওই গার্মেন্টকর্মী বাড়িতে আসনে। করোনা উপসর্গের পাশাপাশি তার জন্ডিস ও কিডনির সমস্যা ছিল। গত পরশুদিন তিনি শহরের মেডিনোভা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। সেখানে ডা. নিত্য রঞ্জন পাল তার শরীরে নিউমোনিয়া ও করোনা উপসর্গ দেখে সরকারি বাগবাটি ৩১ শয্যার কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি সেই পরামর্শ শুনেননি। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও তার স্বজনদের ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে।”
তিনি আরও জানান, নিহতের নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করার জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাতেই ঘটনাটি জানার পরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানিয়েছে পুলিশ।
এমবি





