দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলি ও আক্রমণে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে শহীদুল আলম (৫৪) নামে বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরেএ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় নিহত আলাউদ্দিন জুয়েল (৩০) নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজা মাইনুদ্দিনের ছেলে। বাংলাদেশী প্রবাসি জুয়েল ২০০৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন বলে তার পরিবার জানায়।

জুয়েলের বাবা খাজা মাইনুদ্দিন সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি মার্কেটে তার ছেলে একজনের সাথে পার্টনারশীপে ব্যবসা করতেন।

তিনি বলেন, মোহাম্মদ কামাল নামে জুয়েলের এক বন্ধু আফ্রিকা থেকে মোবাইলে তাদের জানান, কয়েকজন সন্ত্রাসী জ্বানালা ভেঙ্গে জুয়েলের দোকানে ঢুকে পড়ে এবং দোকানের টাকা পয়সা লুট করার চেষ্টা চালায়।

কিন্তু জুয়েল ও তার ব্যবসায়ীক পার্টনার সন্ত্রাসীদের টাকা দিতে অস্বীকার করলে তারা দুজনের ওপর গুলি চালায় এবং নির্মমভাবে তাদেরকে দোকানের মধ্যে টানাহেচড়া করে মৃত্যু নিশ্চিত করে।

এ ঘটনা জানতে পেরে জোহানেসবার্গে জুয়েলের বন্ধুরা ঘটনাস্থলে চলে যান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েল ও তার ব্যবসায়ীক পার্টনারের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে, জুয়েল কার সাথে পার্টনারশীপে ব্যবসা করতেন সে ব্যাপারে তার বন্ধু কামাল কিছু জানাতে পারেনি বলে সাংবাদিকদের জানিয়েছেন জুয়েলের পরিবারের সদস্যরা।

এদিকে শহীদুল আলমের ভাগ্নে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান তার নিহতের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

ওসি মাহবুব আরও জানান, তার মামা নিহত শহীদুল আলম যুক্তরাষ্ট্রে একটি মুদি দোকান চালাতেন। তার বাড়ি গোপালগঞ্জের ব্যাংকপাড়ায়। তার দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

ওসি মাহবুব হাসান বলেন, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দোকান থেকে ফিরে বাসায় ঢোকার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তার মামা সৌদি আরবে ছিলেন। প্রায় ১২ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলেও জানান ওসি মাহবুব।

কেএইচ